টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অফনেট (এক অপারেটর থেকে অন্য অপারেটর) ও অননেট (অপারেটর টু অপারেটর) সুবিধা বাতিল করে দেশে মোবাইল ফোনে কথা বলার নতুন কলরেট নির্ধারণ করে দিয়েছে। আর তারা যে হার নির্ধারণ করেছে তাতে ফোনে কথা বলার খরচ বেড়ে যাবে।

এখন সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা থাকলেও নতুন নির্দেশনা অনুযায়ী ৪৫ পয়সার কম রেট রাখতে পারবে না কোনো অপারেটর।

সোমবার রাত ১২টা পেরুলেই নতুন কলরেট চালু হবে। নতুন রেটে মোবাইল অপারেটররা মিনিটপ্রতি বিল সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত রাখতে পারবে।

নতুন এই কলরেট এরইমধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে জানিয়ে দিয়েছে বিটিআরসি। আর অপারেটরগুলো নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে।

এই পদ্ধতি চালু হলে গ্রাহকদের কথা বলার খরচ বেড়ে যাবে। কারণ, এখন একই অপারেটরে কথা বললে যে অননেট সুবিধায় ২৫ বা ৩০ পয়সায় কথা বলা যেত, সেটি আর থাকবে না।

মোবাইল ফোন যারা ব্যবহার করেন তাদের একটি বড় অংশই একাধিক সিম ব্যবহার করেন। এর অন্যতম কারণ ছিল অননেট সুবিধা নেয়া।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়ে বিটিআরটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। আর যোগাযোগ করা হলে সংস্থাটির কেউ কথা বলতেও রাজি হননি।

তবে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রবি এবং বাংলালিংকের প্রস্তাব ছিল এটি। কিন্তু সবচেয়ে বড় অপারেটর গ্রামীণ ফোনের কোনো আগ্রহ ছিল না এতে।

বর্তমানে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা সাত কোটির বেশি। আর এয়ারটেল ও রবি একীভূত হওয়ার পরও তাদের গ্রাহক সংখ্যা চার কোটির মতো, আর বাংলা লিংকের তিন কোটির মতো।

গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণ ফোনে অননেট কল বেশি হতো। আর এই সুবিধার জন্য তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির হারও বেশি।

কিন্তু রবি ও বাংলা লিংক গ্রাহক সংখ্যা কম থাকায় অননেট সুবিধার কারণে গ্রাহক বৃদ্ধির হারও কম। আর তাদের পরামর্শ আর প্রস্তাবই মেনে নিয়েছে বিটিআরসি।

একটি মোবাইল ফোন অপারেটরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘এতে গরিব মানুষের ওপর চাপ বাড়বে। তারা একই অপারেটরে যত টাকায় কথা বলতেন, সেখানে এখন দ্বিগুণ ব্যয় করতে হবে। যারা উচ্চবিত্ত শ্রেণির তাদের ওপর চাপ হয়ত তেমন হবে না।’

বিটিআরসির আগের নির্ধারণ করে দেওয়া কলরেট ছিল সর্বনিম্ন অননেট চার্জ প্রতি মিনিট ২৫ পয়সা ও অফনেট ৬০ পয়সা। সর্বোচ্চ চার্জ ছিল প্রতি মিনিটে দুই টাকা।

এদিকে নতুন এই সিদ্ধান্তের কথা এরই মধ্যে জেনে গেছে গ্রাহকরা। নাজলী নামে গ্রামীণফোনের এক গ্রাহক ঢাকাটাইমসকে বলেন, ‘শুনেছি আজ রাত থেকে নতুন কল রেট চালু হচ্ছে। আগে তো অফ পিকআওয়ারে কম কলরেট কাটতো। পাশাপাশি এফএনএফ-এ কম কলরেট ছিল। এছাড়াও গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে কল করলে এক রেট ছিল। এসব নাকি আর থাকবে না। তাহলে তো লস হবে ধরে নেয়া যায়।’ বাংলালিংকের একজন গ্রাহক বলেন, ‘আমি শুধু বাংলালিংক সিম ব্যবহার করি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য। কারণ, আমার বন্ধু, বান্ধব ও আত্মীয়-সজনদের অনেকেই বাংলালিংকের গ্রাহক। এখন যদি নতুন কলরেটে এই সুবিধা না থাকে তবে তো অসুবিধাই হলো।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728