ম্যালকম টার্নবুল দলীয় চাপে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়াতে বাধ্য হচ্ছেন । নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্কট মরিসন। শুক্রবার দেশটির লিবারেল পার্টির দলীয় ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করলে তাতে জিতেছেন মরিসন। বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অস্ট্রেলীয় পার্লামেন্টের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের অযোগ্যতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন তোলা ও দলের অন্যান্য প্রভাবশালী নেতাদের চাপের মুখে পড়েন টার্নবুল। এক পর্যায়ে নেতৃত্ব সংকটের কারণে মুলতবি ঘোষণা করা হয় পার্লামেন্টের অধিবেশন। দুর্বল নির্বাচন ব্যবস্থা, নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও দলীয় নেতাদের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়াতে বাধ্য হন টার্নবুল।
শুক্রবার লিবারেল দলের প্রধাননেতা পরিবর্তনের দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দলের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে নির্বাচনী লড়াইয়ে নামেন সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটন, বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এবং টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী কোষাধ্যক্ষ স্কট মরিসন।
নির্বাচন নিয়ে পিটার ডাটন বলেন, নিজ দলের ৪৫টি ভোটের মধ্যে ৪০টি ভোট পেয়েছেন বর্তমানে দলের কোষাধ্যক্ষ পদে থাকা মরিসন। যদিও এ নির্বাচনে অংশ নেয়নি প্রধানমন্ত্রী টার্নবুল।
প্রধানমন্ত্রী হতে যাওয়া স্কট মরিসন এর আগে দেশটির পর্যটন খাতের নেতৃত্ব দিয়েছেন। অভিভাসন ও সামাজিক সেবা খাতে কাজ করার বিস্তর অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলীয় রাজনীতিকের।
