আদালত পুলিশ এ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। রোববার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ পারভেজ এর আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন শ্যামলসহ এই মামলার আসামী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪১ নেতাকর্মী।
আদালত তাদের মধ্যে ইঞ্জিনিয়ার শ্যামলের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকী ৪০ আসামীর জামিন বহাল রয়েছে। আদালত সুত্রে জানা যায়, ২০১৬ সালে শ্যামলসহ ৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টের এই মামলাটি হয়। মামলার আসামীদের মধ্যে ২৫জন পলাতক রয়েছে। শ্যামলসহ বাকী ৪১জন গত ২৪ শে জুন আদালত থেকে অস্থায়ী জামিন পান। তারা রোববার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন।
শ্যামল আদালতে হাজির হবেন বলে সকাল থেকে আদালতে অনেক পুলিশ অবস্থান নেয়। শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী। এর আগে ২০০৮ সালে এই আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন তিনি। তখন থেকেই জেলা বিএনপি’র কান্ডারি তিনি।
