টাইফুন ট্রামি জাপানে আঘাত হেনেছে । দেশটির পশ্চিম অঞ্চলে আজ এ ঘটনা ঘটে। জাপানি সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানা যায়, টাইফুনের আঘাতে ওকিনাওয়া ও আশেপাশের কয়েকটি দ্বীপে প্রায় ৬৬ জন আহত হয়েছেন। যার মধ্যে ৪৬ জনই ওকিনাওয়া অঞ্চলের। ১৭ জন আহত হন কাগোশিমা অঞ্চলের। তাছাড়া মিয়াজাকি এলাকায় সকাল থেকেই ৬০ বছরের এক বৃদ্ধার নিখোঁজ হবার সংবাদ পাওয়া যায়।
কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, স্থানীয় সময় বেলা ১১টা থেকেই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এতে ১ হাজারের বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।
ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ জানান, রাজধানী টোকিও শহর এলাকায় রোববার রাত ৮ টা থেকে ট্রেন সেবা বন্ধ থাকবে। তবে পশ্চিমাঞ্চলীয় বুলেট ট্রেনগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে ।
টাইফুন ট্রামির পূর্ব সতর্কতা স্বরূপ কর্তৃপক্ষ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় সাত লাখ বাসিন্দাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।