বেইজিং দক্ষিণ চীন সাগরে নিজের একটি যুদ্ধজাহাজ হয়রানির শিকার হয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, দক্ষিণ চীন সাগরের সব দ্বীপ ও এর আশপাশের জলসীমার ওপর বেইজিং-এর ‘অকাট্য সার্বভৌম অধিকার’ রয়েছে।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে লু ক্যাং বলেন, যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন অনধিকার চর্চা ছাড়া আর কিছু নয়। দক্ষিণ চীন সাগরের মালিকানা চীনের এবং সেখানে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি অনভিপ্রেত।

দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ করছে বলে ওয়াশিংটন যে দাবি করছে তাও নাকচ করে দেন লু ক্যাং।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের জলসীমায় ‘আত্মরক্ষা’ ও ‘আত্ম-সংরক্ষণের’ অধিকার চীনের রয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ দক্ষিণ চীন সাগরের ওপর নিজের সার্বভৌম অধিকার প্রয়োগ করছে এবং এর সঙ্গে সামরিকীকরণের কোনো সম্পর্ক নেই।

লু ক্যাং বলেন, আন্তর্জাতিক পানিসীমা ব্যবহারের অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই অধিকার প্রয়োগের অজুহাতে বারবার দক্ষিণ চীন সাগরে চীনা দ্বীপপুঞ্জ ও জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করছে যা মেনে নেয়া হবে না।

সূত্র: পার্স টুডে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031