চট্টগ্রামের সাতটি কেন্দ্রে দায়িত্বরত সচিবদের শোকজ করা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেয়ার অভিযোগে । আজ শনিবার বিকেলে তাদের শোকজ করা হয় বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।
এদিন সারাদেশে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। প্রথমদিনে চট্টগ্রামের সাতটি কেন্দ্রের পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের মাদারীপুরের কালকিনিতে একটি, মুন্সীগঞ্জে একটি এবং নেত্রকোনার একটি কেন্দ্রেও পরীক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্নপত্র বিতরণ হয়।

কেন্দ্রগুলো হল, নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

২০১৯ সালের সিলেবাসের পরিবর্তে শিক্ষার্থীদের মাঝে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্র বিতরণ করে কেন্দ্র সচিবরা। এরমধ্যে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ভুল প্রশ্নে পরীক্ষা দেন বলে জানিয়েছে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।
তবে অন্য ছয় কেন্দ্রে কতজন পরীক্ষার্থী এই ভুলের শিকার হয়েছেন, তা জানাতে পারেনি শিক্ষা বোর্ড। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে।

অভিভাবকদের দাবি, সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ব্যবস্থাপনায় এ ধরণের গাফিলতি কোনোভাবে মেনে নেয়া যায় না। এতে যদি পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পড়ে তাহলে তার জন্য কারা দায়ী হবে?
এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভুলের তথ্য জানিয়েছেন বোর্ড কর্মকর্তারাও। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী কেন্দ্র সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থা অবশ্যই করা হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930