বিশ্বে প্রতি চার জনে একজন দূষণের কারণে মারা যাচ্ছেন৷ এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এটি আরও ভয়াবহ বিপদ ডেকে আনবে জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদন দূষণের ভয়াবহতার চিত্র তুলে ধরেছে৷ সেখানে বলা হচ্ছে৷

কেনিয়ার নাইরোবিতে চলা পাঁচদিনব্যাপী পরিবেশ সম্মেলনে বুধবার গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘ৷ গবেষণা প্রতিবেদনটি তৈরিতে ছয় বছর ধরে কাজ করেছেন ৭০টি দেশের ২৫০ জন গবেষক৷ তারা দেখার চেষ্টা করেছেন যে, জনস্বাস্থ্যের ওপর দূষণ ও ক্ষতিগ্রস্ত পরিবেশের প্রভাব কতটা৷ সেখানে বলা হয়েছে, ‘বিশ্বে যত রোগ ও মৃত্যু তার প্রায় ২৫ ভাগের কারণ পরিবেশের দুরবস্থা’৷ খবর ডয়চে ভেলের।

এর মধ্যে সবচেয়ে ওপরে আছে বায়ুদূষণ৷ এর কারণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু হয়৷ এরপর পানিদূষণ ও সুপেয় পানির অভাবে ডায়রিয়া ও অন্যান্য রোগে মারা যান আরো ১৪ লাখ মানুষ৷ তাদের হিসেব অনুযায়ী, শুধু ২০১৫ সালেই ৯০ লাখ মানুষ পরিবেশ বিপর্যয়ের কারণে মারা গেছেন৷

গবেষণায় বলা হয়েছে, জরুরি পদক্ষেপ না নেয়া হলে ২০৫০ সালের মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরও অসংখ্য মানুষ মারা যাবেন৷ গরিব দেশগুলো বেশি ভুক্তভোগী হবে৷ গবেষণায় করা সুপারিশে বৈশ্বিক অর্থনীতির টেকসই উন্নয়নের ওপর জোর দেয়া হয়৷

গবেষণার কো-চেয়ার জয়িতা গুপ্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একটা স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারলে এটা যে শুধু বৈশ্বিক প্রবৃদ্ধিতে ভুমিকা রাখবে তা নয়, এটা দরিদ্রতম দেশগুলোর জীবনমানেরও উন্নয়ন করবে, কারণ তারা পরিষ্কার বাতাস ও পানির ওপর নির্ভরশীল৷’

এস্তোনিয়ার পরিবেশমন্ত্রী ও নাইরোবি সম্মেলনের সভাপতি সিম কিসলার বলেন, ‘এখন আমরা ঘোষণা ও প্রতিশ্রুতি চাইছি, কিন্তু আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আন্তর্জাতিক আইন করার দরকার হবে৷’

জাতিসংঘের পরিবেশ বিভাগের প্রধান জয়েস এমসুয়া বলেন, প্রবৃদ্ধি ও স্বাস্থ্যের সঙ্গে পরিবেশ যে সরাসরি যুক্ত, তা পরিষ্কার৷ তাই দেরি না করে এখনই ব্যবস্থা নেবার ওপর জোর দেন তিনি৷

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930