পুলিশ বাগেরহাটে মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুটির লাশ উদ্ধার করেছে । রবিবার দুপুরে মোরেলগঞ্জের বিশারীঘাট এলাকার একটি শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত ১০ মার্চ রাতে বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু আব্দুল্লাহকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শিশুর বাবা সোহাগের মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পরিবার।
গত শনিবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করে লাশ একটি শৌচাগারে লুকিয়ে রেখার কথা।
তার দেয়া তথ্যানুযায়ী রবিবার দুপুরে মোরেলগঞ্জের বিশারীঘাট এলাকার একটি শৌচাগারে থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
