বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন নরসিংদীর শিবপুরে । গত রাত সাড়ে তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) ও নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)। নরসিংদী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হয়। আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ৬ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও ১ জন।

আহতদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দমকল বাহিনী নরসিংদী ও শিবপুরের ৪টি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728