পাকিস্তান ভারতের জন্য পুরো আকাশসীমা বন্ধ করে দেয়ার কথা বিবেচনা করছে । একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক রুট আছে তাও বন্ধ করে দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রপরিষদের বৈঠকে এসব নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা বিবেচনা করা হয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি টুইটারে এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন ডন।

মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, এসব সিদ্ধান্ত নেয়ার জন্য আইনগত বিষয় বিবেচনা করা হচ্ছে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছে ৫ই আগস্ট। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে তিনি টুইটারে লিখেছেন, মোদি শুরু করেছেন। আমরা শেষ করবো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার একদিন পরেই মন্ত্রী ফাওয়াদ ওই টুইট করেন। ইমরান খান নির্যাতিত কাশ্মীরি জনগণকে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ওদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন তার তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান। তিনি বলেছেন, মন্ত্রীপরিষদের বৈঠকে কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

৫ই আগস্ট ভারত সরকার তাদের সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে। ৭০ বছর ধরে কাশ্মীর ওই স্বায়ত্তশাসন ভোগ করছিল। কিন্তু আকস্মিক ও একতরফা তা বাতিল করে কাশ্মীরে অনির্দিষ্টকালের কারফিউ দেয় ভারত। নির্বাচিত রাজনৈতিক নেতাদের রাখা হয় গৃহবন্দি। জম্মু-কাশ্মীরকে দুটি আলাদা ইউনিয়ন টেরিটোরি করার সিদ্ধান্ত জানায় ভারত। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে একটি বিল আনেন। তা পাস হয়। এতে পাকিস্তানে ক্ষোভ দেখা দেয়। ভারতের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে। কাশ্মীর ইস্যুকে তুলে ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ১৫ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিনটি পাকিস্তান পালন করে কালোদিবস হিসেবে। এর মধ্য দিয়ে কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। এ ছাড়া বিশ্বের প্রতিটি ফোরামে কাশ্মীরি জনগণের কণ্ঠস্বরকে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন ইমরান খান। তিনি বলেন, তিনি বিশ্বব্যাপী কাশ্মীরের রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930