আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ২১তম জাতীয় সম্মেলন থেকে নেতাকর্মীদের নবযাত্রার শপথ নেয়ার আহ্বান জানিয়ে ‘ভাই-বোনেরা সময় হাতে নেই। শেষবার আপনাদের বলে যাই আসুন, আমরা ২১তম সম্মেলনে নবতর পথযাত্রার শপথ নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনের বক্তব্যে কাদের এই অনুরোধ করেন।

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাষ্ট্র ও দল পরিচালনার প্রশংসা করেন ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা নিজেকে একজন রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজের উত্তরণ ঘটিয়েছেন।

এসময় তার বক্তব্যে মাস্টার দা সূর্যসেন-প্রীতিলতা থেকে শুরু করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

কাদের বলেন, ‘সারাবিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা। শেখ হাসিনার হাতে যতদিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’

নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে- এমন মন্তব্য করে কাদের বলেন, ‘সেই প্রতিশ্রুতি পালনের উপযুক্ত শক্তি নিয়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কাজ করতে হবে।’

একজন দার্শনিকের উক্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রসঙ্গক্রমে বলেন, ‘একজন রাজনীতিবিদ কেবল পরের নির্বাচন নিয়ে চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী প্রজন্ম নিয়ে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদের সীমানা পেরিয়ে একজন সফল রাষ্ট্রনায়কের দক্ষতা অর্জন করেছেন। গত ৪৪ বছরে সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় একজন নেতৃত্বের নাম শেখ হাসিনা।’

দলীয় সভাপতি যে নির্দেশনা দেবেন তা অক্ষরে অক্ষরে পালন করার জন্যও তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

নির্বাচনী প্রতিশ্রতি পালন করতে হবে জানিয়ে কাদের বলেন, ‘সেই প্রতিশ্রতি পালনের অংশ হিসেবে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদমুক্ত দেশ গড়বো। এটাই আমাদের আজকের শপথ।’

এর আগে তিনটার দিকে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুদিনব্যাপী এ সম্মেলনের শেষদিন ২১ ডিসেম্বর নির্বাচন করা হবে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031