ভারতজুড়ে চলছে অসন্তোষ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে । বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি হয়ে মেঘালয়-কলকাতাতেও। উদ্বেগজনক এই পরিস্থিতিতে আলোচনা-সমালোচনা চলছে বাংলাদেশেও। এমন অবস্থায় ঢাকা আশা করছে, যত দ্রুত সম্ভব এটার সমাধান আসুক।

রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই আশার কথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘সম্প্রতি ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে। আমরা সহিংসতার বিপক্ষে। আমরা চাইব যে ভারতের সরকার বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। এটাই আমাদের প্রত্যাশা।’তবে বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলেও মন্তব্য করেন সচিব।

গত রবিবার ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুরু হওয়া দাঙ্গায় অন্তত ৪২ জন নিহতের সংবাদ এসেছে। আর এতে আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক মানুষ। দিল্লির দাঙ্গা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সরকারবিরোধী আন্দোলন চলছে দেশটির বিভিন্ন প্রদেশে। এমন পরিস্থিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন।

এদিকে রবিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, সিএএ নিয়ে ভারতজুড়ে আন্দোলন চলছে অথচ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই নেই নিজের নাগরিকত্বের কোনো প্রমাণপত্র।

দিল্লিতে সাম্প্রতিক সময়ে সংঘটিত দাঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আপত্তি এসেছে দেশের বিভিন্ন মহল থেকে। কয়েকটি ইসলামি দল মোদির সফরকারে বিমানবন্দর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে।

তবে আজ ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দিয়েছেন নরেন্দ্র মোদি।

সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার ঢাকায় আছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৭ মার্চ সকালের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আলোচনার জন্য সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।’

মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। আর সেই অর্থে হলেও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল করা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন সচিব।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বেশ গুরুত্ব বহন করছে। কারণ ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল এবং এনআরসি নিয়ে ঢাকা-দিল্লির সোনালি অধ্যায়ের যে টানাপোড়ন তৈরি হয়েছে সেটা হয়তো দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অনেকটা প্রশমিত হবে।

ভারতের চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন আসামের ১৯ লাখ মানুষ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিতে ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের বের করে দেওয়ার কথা বলছেন।

ঢাকা-দিল্লির টানাপোড়ন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশেরই গণমাধ্যমে। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের গুরত্বপূর্ণ দুই মন্ত্রীর দিল্লি সফর বাতিলের মাধ্যমে বিষয়টি আলোচনার জন্ম দেয়। তবে ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছিল, দুই দেশের সম্পর্কে কোনো ভাটা পড়েনি।

মোদির এ সফরে বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘অবশ্যই আলোচনায় আসবে সে সব বিষয়। তবে মেইন ফোকাস থাকবে মুজিব বর্ষ।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031