১৭ জন নিহত হয়েছেন সারা দেশে সড়ক দুর্ঘটনায় । এদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে ৫, নেত্রকোনার দুর্গাপুরে ৫, খুলনায় ১, যশোরে ২, মাধবপুরে ১, সখীপুরে ১ ও রূপগঞ্জে ২ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এসময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি ১৪নং ব্রিজের নিকটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), নারায়ণগঞ্জের কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন, মান্নান।
তবে খোকন ও মান্নানের ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার কুয়াকাটা থেকে ঢাকায় ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি ১৪নং ব্রিজের নিকট এলে স্পিড ব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনা নিশ্চিত করেছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক করতে গিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচ এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুমহাল থেকে ট্রাক, লরি চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুরের হাজী আমির উদ্দিন ও ভোকেশনাল ইনস্টিটিউটের ৪৫ জন শিক্ষার্থী ও তাদের ঘনিষ্ঠজনরা শনিবার নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক করতে যায়। তাদের বেশিরভাগই এসএসসি পরীক্ষার্থী। দিনভর সাদা মাটির পাহাড়, বিজয়পুরের পাহাড়ি টিলা ও সোমেশ্বরী নদীর বালুচর দেখে সন্ধ্যার পর খোলা পিকআপে গৌরীপুরে ফেরার পথে শান্তিপুর এলাকায় তাদের পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী এবং হাসপাতালে নেয়ার পর আরো তিন শিক্ষার্থী মারা যায়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শনিবারের দুর্ঘটনার পর থেকেই শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মধ্যে আরশাদুল (১৪) ও ইয়াসিন (৮), হৃদয় (১৭) নামে তিনজন ছাত্রের নাম শনাক্ত করা গেছে। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। নিহতরা গৌরীপুরের হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ময়মনসিংহ যাওয়ার পথে আরো ২ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে শাহীন (১৬), আল আমিন (১৬), মাহবুব (১৭) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে বাকিদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, ফুলতলা-জামিরা সড়কের গাড়াখোলা গাজীপাড়া মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্লা (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। এলাকাবাসি জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় রাস্তার পাশের বাঁশের সঙ্গে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাঠির সানতলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সকাল ১০টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী হাসান (৩২) ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের বাসিন্দা এনজিও কর্মী তানিয়া খাতুন (৩৫)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. রফিক মিয়া(৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই আরিফ জানান, ওইদিন পৌনেবারটার দিকে সিলেট থেকে ঢাকাগামী দুটি পিকআপ ভ্যান পাল্লা দিয়ে যাচ্ছিলো। রতনপুর এলাকায় পৌছালে দুটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক শরিয়তপুর জেলার সুখিপুর উপজেলার বাহেরচর গ্রামের মো. রফিক মিয়া মারা যান ও তার সহকারী আব্বাস (২৫) আহত হয়।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে পিকআপভ্যান খাদে পরে দশম শ্রেণীর শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। শনিবার রাত ১১টায় উপজেলার ভোলাব ইউনিয়নের স্বর্নখালী-আতলাপুর সড়কের বটতলা এলাকায় ঘটে ঘটনা। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
