প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ঝুঁকি এড়াতে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়বে বলে জানিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে মঙ্গলবার সকাল ১০টায় ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হয়।
শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা নিশ্চিতে ছুটি বাড়ানো হবে।
জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে পারায় করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে। নিজে সচেতন না হলে পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। আমরা সেটা করতে পেরেছি।’
শেখ হাসিনা বলেন, জনসমাগম যাতে না হয়, মানুষ যাতে নিরাপদ থাকে এ জন্য ৭ মার্চের অনুষ্ঠান, স্বাধীনতার অনুষ্ঠান বাতিল করা হয়।
সরকারপ্রধান আরও বলেন, ‘পর্যায়ক্রমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছি। সরকারি ছুটি ঘোষণা করেছি। এতে সাধারণ মানুষের জীবন যেন স্তব্ধ না হয়ে যায় সেজন্য ব্যাংক নির্দিষ্ট সময় খোলা, পানি, বিদ্যুৎ, পণ্য পরিবহন সীমিত আকারে সব কিছু চালু রেখেছি।’
এই দুঃসময়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান বঙ্গবন্ধুকন্যা।
