পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্য অনলাইনে দেয়া বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তাদান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-ও প্রধানমন্ত্রীর এসকল কর্মকাণ্ডের প্রশংসা করেছে।

‘কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি। গতকাল রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাবো, রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হওয়ার জন্য’ উল্লেখ করেন ড. হাছান।

তিনি বলেন, ‘রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা দলের এই ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। সেই সংখ্যাটাও সহসাই জানানো হবে। দলের কমিটিকে সরকারি ত্রাণের সাথে এজন্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে একজন ব্যক্তিই বারবার ত্রাণ না পায় আবার যেন কেউ বাদ না যায়।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ সময় উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031