মশকনিধনের লক্ষ্যে গতানুগতিক কার্যক্রমকে উচ্চ থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন। আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করেই মশকনিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নগরবাসীদের গত বছরের ন্যায় যেন মশার অত্যাচার সহ্য করতে না হয় সে লক্ষ্যে কাজ করছি।

রোববার বছরব্যাপী সমন্বিত মশকনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগ নবাবগঞ্জ পার্কে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, নতুনভাবে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম চলবে। প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন।এছাড়া ওয়ার্ডপ্রতি ১০ জন মশক ক্রু বেলা আড়াইটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এই কাজে যুক্ত থাকবেন।

এ কার্যক্রম যথাযথভাবে চললে আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে হ্রাস পাবে আশা করছি। মশকনিধন নিয়ে কোনো সমস্যা হলে স্বাস্থ্য কর্মকর্তা বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানাবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারবেন।

তিনি বলেন, করোনার এ মহামারির মধ্যেও মশকনিধন কার্যক্রম ২৪ ঘণ্টা চলবে। ঢাকাবাসী ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাই না। আগামী ১৪ জুন থেকে জলাশয় এবং নর্দমা পরিষ্কার করার কাজ শুরু করা হবে। এর পাশাপাশি বর্জ্যব্যবস্থাপনা, রাস্তাঘাট নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031