ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৬ জন সদস্য চাকরি হারাচ্ছেন মাদক পরীক্ষায় পজিটিভ আসায় । ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ডিএমপির এ ধরনের উদ্যোগের ফলে অনেক সদস্য মাদকের রাস্তা থেকে ফিরে এসেছে।

আজ শনিবার মিরপুরে ডিএমপির ডিসি ট্রাফিকের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন কমিশনার।

মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

এভাবে ব্যবস্থা নিতে পারলে অন্যদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে মাদকসংশ্লিষ্টতায় ছাড় পাবে না কেউ- এমনটা বিশ্বাস করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ সদস্য যারা মাদকের সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো হচ্ছে না।’ একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেভাবে মাদকসংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031