তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ঢাকা-১৮ আসনে নির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীতে নয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা বিএনপি ও তার দোসরদের বৃহত্তম ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেয়া হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে। বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে এবং বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়।‘

নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের উত্তর দিতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে দেশবাসী তা ভালোভাবেই জানে। পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গেছে, ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল, গতকাল যে নয়-দশটি বাস পোড়ানো হয়েছে, তার মিল আছে।’

মির্জা ফখরুল ইসলাম শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, এত কোনো লাভ হবে না। অতীতে ২০১৩-১৪ সালে যেমন এধরনের নাশকতা সরকার কঠোর হস্তে দমন করেছে, এবারও জনগণকে সঙ্গে নিয়ে এধরনের নাশকতা কঠোর হস্তে দমনে সরকার বদ্ধপরিকর।’

একইসঙ্গে এধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখলে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য জনগণের প্রতি আহবান জানান ড. হাছান।

বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দুই নেতার একটি ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অডিওবার্তা এটাই প্রমাণ করে যে, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত এবং মির্জা ফখরুল সাহেব এ বিষয়ে একটি সত্যি কথা বলেছেন যে, এটি পূর্বপরিকল্পিত। আসলে মির্জা ফখরুল সাহেবরা পূর্বপরিকল্পনা করেই এঘটনা ঘটিয়েছেন।‘

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031