আগে থেকেই ছিল বিশ্বে অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের পারস্পরিক তিক্তকার সম্পর্ক । তা ট্রাম্প প্রশাসনের আমলে আরো কঠিন রূপ নিয়েছে। এমতাবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন কি পদক্ষেপ নেবেন সে বিষয়টি দেখার জন্য বিশ্ব এখন মুখিয়ে আছে। সম্প্রতি অনলাইন অ্যাক্সিওস জানিয়েছে, বাইডেন প্রশাসন চীনের রাষ্ট্রদূত হিসেবে সাবেক মেয়র পিট বুটিজেজকে নিয়োগ দিতে পারেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেনডের সাবেক মেয়র পিট বুটিজেজ। এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মনোনয়নের জন্য বাইডেনের বিপরীতে লড়েছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে হেরে যান। আফগানযুদ্ধেও তার নাম আছে সামনের সারিতে।
তাছাড়া জাতিসংঘে রাষ্ট্রদূতের ভুমিকা রাখার জন্যও তিনি অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে শীর্ষে অবস্থান করছেন। অ্যাক্সিওস বলছে, বুটিজেজকে এ জন্যই বাইডেন চীনের রাষ্ট্রদূত হিসাবে বেছে নিতে পারেন। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বাইডেন অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা কোন সাড়া দেয়নি।
তবে ডেমোক্রেটিক পার্টির অনেকেই বিশ্বাস করেন যে, বুুটিজেজ পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হয়ে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে তাকে যদি বেইজিংয়ের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়, তবে তা চীনের জন্য ভবিষ্যৎ একজন সম্ভাব্য প্রেসিডেন্টকে বোঝার সুযোগ তৈরি হবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে মার্কিন ঘরোয়া আরো কিছু পদে নেতৃত্ব দেয়ার জন্যও বুটিজেজের নাম আলোচনায় রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। তাছাড়া জো বাইডেনের নির্বাচনী প্রচারণার অন্যতম একজন সহযোগী ছিলেন তিনি এবং বাইডেনের পক্ষে লড়াই করেছেন।
