৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.০২ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে গত বছরের ৩০শে ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এই রেকর্ড গড়তে বড় ভূমিকা রেখেছে। ১লা ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বর্তমানের রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসাবে প্রায় সাড়ে ১০ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ৩০শে ডিসেম্বর রিজার্ভ ৪৩ বিলিয়ন ছাড়ায়। এর আগে গত ১৫ই ডিসেম্বর এই রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়ায়।

গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১২ বিলিয়ন ডলারের বেশি। ২০২০ সালের ১৭ই ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩২.৬০ বিলিয়ন ডলার।

মহামারির মধ্যেই চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২.৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে, যা এযাবৎকালের সর্বোচ্চ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930