বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন । আজ রোববার বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ডিবি পরিচয়ে সাদা পোশাকে স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নেওয়া ও তার সন্ধান না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনা বর্তমান নিষ্ঠুর সরকারের চলমান নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ারই বর্ধিত-প্রকাশ।’বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘আজিজুর রহমান মুসাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করে নিয়ে গেছে।’ তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান মির্জা ফখরুল।বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পাশাপাশি গুম করার যে মনুষ্যত্বহীন সংস্কৃতি চালু রেখেছে, তার মূল লক্ষ্যই হচ্ছে দেশের জনগণকে এক ভয়ানক কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা। দেশে বিরাজ করছে এক শ্বাসরুদ্ধকর অবস্থা।’

মির্জা ফখরুল বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে হিটলারের গেষ্টাপো বাহিনীর মতো আচরণ করছে। আদিম হিংস্রতায় দেশ থেকে গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতাকে উচ্ছেদ করা হয়েছে। দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে। দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে দেশব্যাপী এক মরণঘাতি কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031