মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন র‌্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এক সপ্তাহ পর । বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, সকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান। এরপর সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে কথা হয়। যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, অ্যান্টনি ব্লিঙ্কেন যখন আব্দুল মোমেনকে তার মুঠোফোনে ফোন করেন, ওই সময় তিনি বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ফোনটি ধরেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গত পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031