বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন । এ সময় বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ একটা ফ্যাসিজম এই দেশের উপরে চলছে-এটাকে সরানোর জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করব। তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা একুশের চেতনাকে বাস্তবায়িত করব।’

তিনি বলেন, ‘শহীদ জাব্বার, সালাম, বরকতসহ অনেকে সেদিন রাজপথে তাদের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষা প্রতিষ্ঠা করার জন্যে আত্মত্যাগ করেছিলেন। তারই ফলশ্রুতিতে আমাদের সেই সময়ে পাকিস্তান আমলে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। সম্ভবত বাংলাদেশের এই তরুণেরা তারাই একমাত্র নিজেদের মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য, এই আত্মবিসর্জন দেওয়ার এই নজির আর খুঁজে পাওয়া যায় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে মূল চেতনা ছিল আমাদের স্বাধীকারের চেতনা, সেই চেতনা ছিল আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, সেই চেতনা ছিল আমাদের একটি মুক্ত সমাজ প্রতিষ্ঠা, আমরা সবাই সকলে কথা বলতে পারব, আমরা আমাদের স্বাধীন চিন্তাগুলো প্রকাশ করতে পারব, আমাদের বাক স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। সবচেয়ে বড় ইচ্ছাটি ছিল আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

ফখরুল বলেন, ‘১৯৭১ সালে সেই চেতনায় আমরা মুক্তিযুদ্ধ করেছি। শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই জাতি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। পরবর্তীকালে আমরা দেখেছি, শহীদ জিয়াউর রহমান প্রথম একুশে পদক প্রবর্তন করেছিলেন। তারপর থেকে একুশে পদক শুরু হয়েছে। দুর্ভাগ্য আমাদের এমন একটি সরকার আমাদের এদেশের জনগণের ওপরে চেপে বসে আছে যারা জনগণের সমস্ত আশা-আকাঙ্ক্ষাগুলো দমন করছে এবং একুশের যে চেতনা সেই চেতনাকে তারা ভুলণ্ঠিত করে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি।’

সরকারের দমন পীড়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মিথ্যা মামলায় দেশ থেকে বহু দূরে নির্বাসিত হয়ে আছেন। অগণিত মানুষ আজকে মিথ্যা মামলায় পড়ে আছে। এই থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে।’

এর আগে সকাল সাড়ে ৮টায় দলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদীতে এসে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031