অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী ২৭ মার্চ রোববার থেকে রাজশাহী ও রংপুর বিভাগে। বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, সিএনজি এর আওতায় থাকবে বলে জানিয়েছেন ধর্মঘট আহ্বানকারীরা।

গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার হানিফ পরিবহনের বাসচালকের এখনও জামিন না হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ধর্মঘটের এ ঘোষণা দেন।

তিনি জানান, চালকের জামিনের দাবিতে ১৫ মার্চ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরদিন জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

তারা বলেছিলেন, ২৪ মার্চের মধ্যে চালকের জামিন না হলে অনির্দিষ্টকালের জন্য দুই বিভাগে ধর্মঘট শুরু হবে। এ কর্মসূচি দেওয়ার আগে বৃহস্পতিবারও রাজশাহীর আদালতে বাসচালক আবদুর রহিমের জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তাই দুই বিভাগের শ্রমিক নেতারা সর্বসম্মতিক্রমে এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ট্রাক ও ট্যাংকলরি এবং কাভার্ডভ্যান সমিতির সহসভাপতি হারুন-অর-রশীদ, শ্রমিক ইউনিয়নের মাইক্রো শাখার সাধারণ সম্পাদক মো. বাপ্পী, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031