বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন । তিনি বলেছেন, ‘আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। যাচ্ছি, গণভোটের বিজয়ী হ্যাঁর পক্ষে সংস্কারের জন্য।’

মঙ্গলবার দলের রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি।’ অবিলম্বে তিনি ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শরীফ ওসমান হাদী হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ করে নাহিদ বলেন, ভারতে গ্রেপ্তার হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

অনুষ্ঠানে এনসিপি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দিল্লির চুক্তি অনুযায়ী দেশে অগণতান্ত্রিক সরকার হয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরতন্ত্রের পথেই হাটছেন। স্বৈরতন্ত্র বন্ধ না করলে আমরা দেখব না আপনি কার ছেলে। আবারো জনগণ মাঠে নামবে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, বিএনপি এখন ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু গণভোট নিয়ে প্রশ্ন তোলা মানে গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা।

দেশে ধর্ষণ বেড়েছে অভিযোগ করে অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930