৪ হাজার ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম নগরের খুলশী থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে । পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট ইয়াবা সরবরাহ করে আসছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের পিতিলতা রেলওয়ে হাসপাতালের সামনে পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খুলশী থানার এসআই শাহপরান। তার সঙ্গে ছিলেন এসআই শহিদুল আলম পারভেজ, এসআই আনোয়ার হোসেন, এএসআই বেলায়েত হোসেন, এএসআই মহিউদ্দিন, এএসআই মুক্তধর এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন মো. ইসহাক (২৮) ও তার স্ত্রী সনিয়া আক্তার (২৪)। তাদের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, স্থানীয় জনগণের সহায়তায় দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ তাদের থানায় নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশি তথ্যে জানা যায়, গ্রেপ্তার স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকাসহ আশপাশে ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে ‘নাজমা’ নামে এক নারীকে চিহ্নিত করা হয়েছে, যাকে সিন্ডিকেটের মূল সমন্বয়কারী বা ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে তার সম্পৃক্ততা তদন্তাধীন এবং এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

এছাড়া পুলিশ সূত্র জানায়, খুলশী ও ডবলমুরিং এলাকার আলোচিত আরেক মাদক কারবারি আলমগীরকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমান ঘটনায় তার চক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, “৪ হাজার ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

 চট্টগ্রাম সংবাদদাতা

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31