জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন গুলিতে গুরুতর আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে । শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর কার্ডিওপালমোনারি’তে আক্রান্ত হয়েছেন।

সেই সূত্র ধরে বিবিসি বলছে, জাপানে কোনো ব্যক্তির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে এই শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। এ থেকেই স্পষ্ট, শিনজো আবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালিয়েছে হামলাকারী। এসময় তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে। খবরে বলা হচ্ছে, আবের অবস্থা গুরুতর। তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি গুলিতে আহত হন বলে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নারা জাপানের পশ্চিমাঞ্চলীয় একটি শহর। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাপানের নারা শহরে বক্তৃতার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকে’র একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিমাঞ্চলীয় নারা শহরে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণের সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিনজো আবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930