আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে সংশ্লিষ্ট দেশগুলি যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের সঙ্গে হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে । অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ছাড়া ইরানসহ বাকি ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

শুক্রবার জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি উপস্থিত থাকবেন। খবর পার্সটুডের।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মোগেরিনি মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন। গত মে মাসে আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম বাকি পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ওই পাঁচ দেশের সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ বৃহস্পতিবার বলেন, শুক্রবারের ভিয়েনা বৈঠকে ইউরোপ তাদের প্যাকেজ প্রস্তাবকে এমনভাবে উপস্থাপন করবে বলে তেহরান আশা করছে, যাতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের স্বার্থ রক্ষা হয়।

অপরদিকে বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগের আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের ওই ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতা বহাল রাখার ব্যাপারে ইরানকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু কীভাবে তা সম্ভব সে ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর কোনো কর্মপন্থা ইউরোপের পক্ষ থেকে দেয়া হয়নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031