আজ রবিবার বিকাল ৪টা থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন । এর আগে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে গত ১২ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এই অধিবেশন দুই সপ্তাহের মতো চলতে পারে। আজ প্রথম দিন অধিবেশনের কার্যসূচিতে রয়েছেÑ প্রথমে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও এরপর শোক প্রস্তাব উত্থাপন। পরে প্রশ্নোত্তর ও ৭১ বিধির নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে। তবে চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে শোক প্রস্তাবের ওপর আলোচনা করে সংসদের বৈঠক মুলতবি করা হয়। চলতি সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর এবং সংরক্ষিত আসনের সদস্য এ্যানি রহমান গত ১১ অক্টোবর মারা যান। ফলে প্রথম দিনের আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি হবে। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হবে। এদিন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষাসেবা বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওপর প্রশ্নোত্তর রয়েছে।

এবারের অধিবেশনে ১৭টি বিল রয়েছে। এসব বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি, উত্থাপনের অপেক্ষায় ৭টি। বিলগুলো হচ্ছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্যবিরোধী বিল-২০২২, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল-২০২২, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২, সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২, এভিডেন্স (সংশোধন) বিল-২০২২, জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল-২০২২, চট্টগ্রাম শাহি জামে মসজিদ বিল-২০২২, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল-২০২২, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২২, উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল-২০২২, বাংলাদেশ শিল্প নকশা বিল-২০২২ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন বিল-২০২২।

গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031