বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত কুমিল্লায় । আজ মঙ্গলবার কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ্ এ আদেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লার ৫নং আমলী আদালতে বিএনপি চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিনের আবেদন দাখিল করেছিলেন তার আইনজীবীরা। আজ এ আবেদনের শুনানি হয়। খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে যাওয়া আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিএনপিপন্থি অন্য আইনজীবীরা। আবেদন শুনানির পর বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ্।
বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

আমরা তার জামিনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভোর রাতে ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল বোমা মারে। এতে ওই বাসের ৮জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যান, ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031