যাত্রীবাহী বাস উল্টে হাফিজ উল্লাহ খোকন (২৮) নামে একজন নিহত হয়েছেনখাগড়াছড়িতে। আহত হয়েছেন প্রায় ২৫ শিক্ষার্থী। আহতদের সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ পেশায় মাছের পোনা বিক্রেতা। তিনি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল উত্তরপাড়ার মৃত আকবর আলীর ছেলে। জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৪৫ ছাত্রছাত্রী বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি আসছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কিরণ–বর্ণিতা নামে শিক্ষার্থীদের বহনকারী বাসটি খাগড়াছড়ির আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে বাসচাপায় প্রাণ হারান হাফিজ উল্লাহ খোকন নামে এক পোনা বিক্রেতা। দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতদের কয়েকজন হলেন, এহসান, শারমিন আকতার, মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন, রিশাদুল ইসলাম, তাজিন, ইসরাত জাহান, আতাহার মাসুম, নয়ন দাশ, সাব্বির ইসলাম ও আমিনুল হক তুষার। অন্যদের নাম জানা যায়নি।

গুরুতর আহত চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়নময় ত্রিপুরা।

খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি (খাগড়াছড়ি–জ–০৪–০০০৮) জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন। চালককে আটকের চেষ্টা চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930