ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন তিনি।

রবিবার দুপুরে রাজধানীর পলাশী মোড়ে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা এই দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে আপনজন জানিয়ে তাদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘বাংলাদেশের সনাতন ধর্মালম্বী যারা আছেন আপনাদের মনে রাখতে হবে, আপনাদের জন্য মাইনরিটিবান্ধব সরকার একমাত্র শেখ হাসিনা সরকার। আপনাদের বন্ধু আপনাদের আপনজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’ এ সময় ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন কাদের। বলেন, ‘আপনাদের কি ২০০১ সালের কথা মনে আছে? ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে বিভীষিকা আর অন্ধকার নেমে আসে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা সারা বাংলায় নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ধর্ষিত হয়, ফাহিমা-পূর্ণিমা এদের কথা কি আপনাদের মনে আছে? কত হিন্দু রমনীকে পৈশাচিকভাবে ধর্ষণ করেছে ওই বর্বর শক্তি। কত হিন্দু বাড়িঘর হারিয়েছে। নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

‘মনে আছে আপনাদের সেই নির্যাতনের কথা। এবার সেই অপশক্তি আবার ক্ষমতায় আসতে পারলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ রক্তাক্ত সময় আপনাদের জন্য ঘনিয়ে আসবে। এটা যারা বিশ্বাস করেন এই অপশক্তিকে পরাজিত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। যদি আপনারা আপনাদের আত্মমর্যাদা, আপনাদের সম্মান, এই দেশে আপনাদের অধিকার রক্ষা করতে চান, শেখ হাসিনার নেতৃত্বে ওই অশুভ শক্তিকে পরাজিত করার শপথ আপনাদেরকে নিতে হবে।’

নির্বাচনকে সামনে রেখে আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক থাকবেন, সেই অপশক্তি নির্বাচনে হেরে যাবে এই ভয়ে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মাইনরিটি, আপনাদের ওপর নির্যাতন চালাবে, দুর্বল ভেবে আপনাদের ওপর আঘাত দেবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক বিরাজমান সেই সুসম্পর্ক বিনষ্ট চক্রান্ত করবে।’

জাতীয় ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক মেরুকরণ করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই ফাঁদে আপনারা পা দেবেন না। এটা জাতীয় ঐক্য না, এটা সাম্প্রদায়িক মেরুকরণ। আপনারা মনে রাখবেন এই দেশে দুই ধরনের শত্রু আছে, একটি গোপন শত্রু আরেকটি প্রকাশ্য শত্রু আমরা প্রকাশ্য শত্রু থেকে গোপন শত্রুকে বেশি ভয় পাই। এখন ছদ্মবেশী গোপন শত্রুরা তৎপর। এদেরকে রুখতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে।’

জাতীয় নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একথা আপনারাই বলছেন যারা এক-এগারোতে দ্বি-রাজনীতিকরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তারাই আবার সেই পুরোনো সুরে কে যেন ডাকে রে, আবার স্লোগান তুলছে। কাজ হবে না, ভোটের বিরুদ্ধে যারা দাড়াঁবে জনগণই তাদের প্রতিরোধ করবে। নির্বাচন হবে ইনশাল্লাহ, বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31