সরকার সংক্রমণ ঠেকাতে এবং কর্মহারানো মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিতে নানা কার্যক্রম হাতে নিয়েছে । করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে সারাদেশ। দলীয়ভাবেও মানুষের পাশে দাঁড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। তবে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) নেই তেমন কোনো কার্যক্রম। বিশেষ করে দেশের এই মহামারির মধ্যে লোকচক্ষুর অন্তরালে আছেন বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যেও আসেননি। কোথায় আছেন, কেমন আছেন- তা নিয়েও দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। তবে রওশন এরশাদের ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি বাসায় আছেন। ভালো আছেন।

মার্চের শেষের দিকে বাংলাদেশে করোনার রোগী শনাক্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে সবকিছু স্থবির হতে থাকে। শুরু হয় সাধারণ ছুটি। সব প্রতিষ্ঠান বন্ধ। অনেক এলাকা পুরোপুরি লকডাউন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সারাদেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়।

সংকটের এই সময়ের কোথাও দেখা যায়নি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। জাপা চেয়ারম্যান জিএম কাদের নানা সময়ে অনলাইনে সংবাদ সম্মেলন বা বিবৃতি দিলেও রওশনের পক্ষ থেকে দেখা যায়নি তেমন কোনো কার্যক্রম।

সবশেষ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও চলতি সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তব্য রেখেছিলেন রওশন এরশাদ। সেখানে নারীর ক্ষমতায়ন, সরকার ও বিরোধীদলের সমন্বয়ে দেশের অগ্রগতিসহ নানা ইস্যুতে কথা বলেছিলেন তিনি। তখন অবশ্য বিশ্বের অন্যান্য দেশে করোনা মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে দেখা দেয়নি।

বৃহস্পতিবার রাতে রওশন এরশাদের বিষয়ে জানতে কথা হয় জাতীয় পার্টির দুইজন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে। যারা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন দেশের এই অবস্থায় বিরোধীদলীয় নেতার কোনো কার্যক্রম না থাকায় হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেশে এতবড় বিপদ এর আগে কখনো আসেনি। কিন্তু দুঃখের বিষয় বিচ্ছিন্নভাবে কিছু হলেও আমরা বিরোধীদল হিসেবে সেই অর্থে তেমন কোনো কাজ করতে পারিনি। সবথেকে বড় বিষয় বিরোধী দলীয় নেতা হিসেবে ম্যাডামের (রওশন এরশাদ) কিছু কথা বলা উচিত ছিলো। তাকে তো আমরা এটা বলতে পারি না।’

রওশন এরশাদের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের আরেক প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি অবশ্য বিরোধী দলীয় নেতা বসে নেই বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘রওশন এরশাদ ভালো আছেন। তিনি বাসায় আছেন। সামনে না আসলেও তিনি বসে নেই। আমাদের লেভেলের সবাইকে বলে দিয়েছেন যার যার জায়গা থেকে সামাজিক দূরত্ব মেনে সাধ্যমত দলের গরীব কর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।’

বিরোধী দলীয় নেতা হিসেবে এই অবস্থায় দেশের মানুষের জন্য কিছু করার আছে কি না- এমন প্রশ্নে একটু সময় নিয়ে তিনি বলেন, অবশ্যই করার আছে। হয়তো করবেন শিগগিরই।’

কথা হয় জাতীয় পার্টির আরেক নেতার সঙ্গে। যিনি জিএম কাদেরের বলয়ের নেতা হিসেবে পরিচিত। তিনি বলেন, শুনেছি বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা ময়মনসিংহে ত্রাণ দেয়া হচ্ছে। এর বাইরে কোনো কিছু করছেন তেমনটা আমাদের নজরে আসেনি।’

এই নেতা বলেন, ‘আমাদের মানুষের জন্য কিছু করার সুযোগ কম বুঝলাম। অন্তত দেশের মানুষ ও সরকারকে পরামর্শ দিয়েও তো একটা বিবৃতি দেয়া যায়।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031