খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দলীয় কোন্দলের কথা উল্লেখ করে সতর্ক করে বলেছেন, এভাবে চললে আওয়ামী লীগের পক্ষে আগামী দিনে সরকারে আসা সম্ভব হবে না। রাজধানীর লালবাগে তার কর্মসূচিস্থলের পাশে কয়েক গাড়ি ময়লা ফেলে বাধা দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভায় অংশ নিয়ে কামরুল ইসলাম এই ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দলের জেরে খাদ্যমন্ত্রীর কর্মসূচিতে আসার আগেই প্রবেশপথে কয়েক গাড়ি ময়লা-আবর্জনা ফেলে রাখে এক পক্ষ।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের একাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকদের দায়ী করা হচ্ছে। আর মেয়র খোকন ঢাকাটাইমসকে বলেছেন, আওয়ামী লীগেরই একটি অংশ একজন মুক্তিযোদ্ধাকে সম্প্রতি লাঞ্ছিত করেছে এবং এতে ক্ষুব্ধ হয়ে জনগণ এই কাজ করেছে।

সভায় আওয়ামী লীগের দুই পক্ষের এই দ্বন্দ্বে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামীতে সরকার আবার ক্ষমতায় আসতে পারবে না।’

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে কামরুল আসার আগে এবং পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সাঈদ খোকনের অনুসারীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের তাড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৩ জনকে।

দুই পক্ষের এই দ্বন্দ্বের বিষয়ে সভায় কামরুল ইসলাম বলেন, ‘আপনারা বলেন শেখ হাসিনার সরকার বারবার দরকার। কিন্তু ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চললে শেখ হাসিনার সরকার আসবে না।’ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কামরুল বলেন, ‘আপনারা যেভাবে অনৈক্য দেখাচ্ছেন তা কখনো শুভ নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির এই কর্মসূচিতে যাওয়ার কথা থাকলেই দুই পক্ষের সংঘর্ষের কারণে তিনি সেখানে যাননি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031