গত  পাঁচ বছরে আইন মেনে তথ্য চেয়েছেন ৭৬ হাজার মানুষ। এর মধ্যে তথ্য পেয়েছেন ৯৬ দশমিক ১০ শতাংশ মানুষ।তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করেও তথ্য পাচ্ছেন না সবাই। তবে এই সংখ্যা খুব বেশি নয়, চার শতাংশের কিছু কম।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্য অধিকার আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য চাইতে পারেন নাগরিকরা। এই তথ্য দিতে বাধ্য সরকারি কর্মকর্তারা। কোনো বিষয়ে তথ্য সরবরাহ করা না গেলে কেন দেয়া যায়নি, সে কারণ ব্যাখ্যা করতে হয়।

আইনি সব প্রক্রিয়া অনুসরণ করলেও তথ্য না দিলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এই অভিযোগে একাধিক কর্মকর্তা সাজাও পেয়েছেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সঠিক তথ্য সরবরাহের জন্য কোনো সাংবাদিক নিগৃহীত হয়েছেন বলে তাঁর জানা নেই।

আগামীকাল তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তথ্যমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল এই অনুষ্ঠান হবে।

প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান ছাড়াও শোভাযাত্রা, সমাবেশ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, টক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031