দুর্নীতি দমন কমিশন-দুদক ভারতীয় এক নাগরিককে পাসপোর্ট প্রদানের দায়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের চার কর্মকর্তাকে তলব করেছে । ‘ঘুষ’ নিয়ে এই চার কর্মকর্তা পরষ্পর যোগসাজশে ওই ভারতীয়কে বাংলাদেশি পাসপোর্ট করে দেয়।

এ সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর পাসপোর্ট অধিদপ্তরের এই চার কর্মকর্তাকে তলব করা হয়েছে বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত সোমবার পাঠানো এক চিঠির মাধ্যমে এই চার কর্মকর্তাকে তলব করা হয়। তারা হলেন─ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান, পরিচালক (প্রকল্প) এ কে এম মাজহারুল ইসলাম, উপ-পরিচালক তারিক সালমান ও জিমগ্রাফি কর্মকর্তা হালিমা খাতুন শম্পা।

দুদকের তলবী নোটিশে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহন পূর্বক ভারতীয় নাগরিক হাফিজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য শোনা প্রয়োজন।

চার কর্মকর্তার মধ্যে সাইফুর রহমান ও কে এম মাজহারুল ইসলামকে ১৭ জানুয়ারি এবং তারিক সালমান ও হালিমা খাতুন শম্পাকে ১৯ জানুয়ারি কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে।

ওইদিন নির্ধারিত সময়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও আয়কর সনদ নিয়ে কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে নোটিশে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031