পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুন্সী রাজু (২৭) নামে এক একজন নিহত হয়েছেন খুলনায় । এ সময় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠে এ ঘটনা ঘটে। রাজুর বিরুদ্ধে একটি হত্যা, গণধর্ষণ ও হত্যা প্রচেষ্টাসহ ৫টি মামলা রয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে  মুন্সী রাজুর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলিতে রাজু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ আহত রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধে আহত পাঁচ পুলিশ সদস্য হলেন খুলনা থানার ওসি মিজানুর রহমান, এসআই সুজিৎ কুমার দাস, এসআই মিহিরকান্তি পাল, এএসআই সরোয়ার হোসেন ও এএসআই কমল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি মিজানুর রহমান জানান, রাজুর বিরুদ্ধে একটি হত্যা, গণধর্ষণ ও হত্যা প্রচেষ্টাসহ ৫টি মামলা রয়েছে। সর্বশেষ তিনি নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে সোনাডাঙ্গা থানার এসআই হারুনের ছেলেকে কুপিয়ে আহত করেন। তিনি ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত রাজু নগরীর পশ্চিম টুটপাড়া দারোগার বস্তির ইলিয়াস কবিরের ভাড়াটিয়া সিদ্দিকুর রহমানের ছেলে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930