সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে দেশের বিভিন্ন স্থানে । এর মধ্যে বগুড়া-জয়পুরহাট সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়। এছাড়া মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাপায় কৃষক, নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এক এসআই, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে সাবেক মেম্বার এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর থেকে পড়ে ১ জন নিহত হন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
জয়পুরহাট প্রতিনিধি জানান, বগুড়া-জয়পুরহাট সড়কের বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের জয়পুরহাট ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের হুমায়ন কবিরের ৭ মাস বয়সের শিশু কন্যা হুমায়দা, একই উপজেলার রতনপুর গ্রামের শামছুদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৬৫), উচনা গ্রামের আমির হোসেনের স্ত্রী জাহেরা (৫৫) বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ধলমহিনী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী রেহেনা খাতুন হেনা (৪৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের আমবাড়ী গ্রামের জলিলের কন্যা ও জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার (২০), রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের দিলিপ মর্ম এর শিশু কন্যা রিপা (৩)।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের দিকে আসছিল। বাসটি জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া পুলিশবক্স এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ৫ নারী ও ৩ জন শিশু নিহত হয়। গুরুতর আহত ২৫ জনকে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার রশিদুল হাসান। তিনি দ্রুত নিহতদের ময়নাতদন্ত এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়ার কথা জানান। ঘটনার পর হাসপাতালে আসেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার কথা বলেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930