জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মইনুল হোসেন জনীতিবিদদের সম্মানের কথা বলে পাকিস্তান আমলের কথা তুলে ধরে আক্ষেপ করেছেন ।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় এসব কথা বলেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ‍উপদেষ্টা।

‘ন্যায় প্রতিষ্ঠার সামাজিক আন্দোলন মুভমেন্ট ফর জাস্টিস’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা উপলক্ষে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন মইনুল। সাবেক ছাত্রদলের নেতা সানাউল হক নীরু এর প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি আসেননি।

রাজনীতিকদের বিরুদ্ধে মামলার কথা তুলে ধরে মইনুল বলেন, ‘মামলা নিয়ে রাজনীতি করা, সেটা পাকিস্তানে ছিল না। পাকিস্তানের আমলে রাজনীতিবিদদের সম্মান করা হতো। কিন্তু এখন অল আর ক্রিমিনালস। যে ক্ষমতায় যায়, অপজিশনকে ক্রিমিনাল কেস দেয়। এ রকম কখনও দেখিও নাই।’

‘স্বাধীন দেশে আজকে কেন আমাদের পুলিশ পিটাবে। পাকিস্তানি পুলিশ আমাদের পিটাইছে, মানছি। সে সময় আমার বাবাকে ২২টা বেত্রাঘাত, ২২ বছর জেল দিয়েছিল। আজকে বাংলাদেশে কেন আমাকে ভয় দেখাবে? কথা বলতে পারবেন না, আমার পুলিশ কেন আমাকে ভয় দেখাবে? সে কি স্বাধীন দেশের পুলিশ নয়? আমি যেমন স্বাধীন দেশের নাগরিক, পুলিশও স্বাধীন দেশের নাগরিক। সকলেই স্বাধীন দেশের নাগরিক।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে অভিযোগ তুলে সেখানেও পাকিস্তান আমলের কথা তুলে ধরেন মইনুল। বলেন, ‘আমাদের চিফ জাস্টিসকে অপমান করে, ভয় দেখিয়ে বিদায় নিতে হয়েছে। এটা কোন কথা হলো? পাকিস্তান আমলেও তো চিফ জাস্টিসকে স্যাক (বরখাস্ত) করে নাই স্বৈরশাসকরা।’

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে মইনুল বলেন, ‘রাজনীতি করে তারা এখন আইনের শাসন বোঝে না। তারা শুধু জানে টাকা পয়সা লুটপাট করতে। এটা  হয়েছে গণতন্ত্রে নেতৃত্বের সংকটের কারণে। সব রাজনীতির নির্যাস হলো জাস্টিজ ফর দ্যা পিপল। বিচার বিভাগ স্বাধীন না হলে জাস্টিজ হয় না। আজকে দেশে যা হচ্ছে তা ভয়াবহ।’

জাতীয় ঐক্যফ্রন্ট করার কথা তুলে ধরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এই সদস্য বলেন, বলেন, ‘দলীয় রাজনীতির প্রক্রিয়া নয়, এটা বিএনপি আওয়ামী লীগ নয়।  এটা জাতীয় প্রক্রিয়া, এখানে আওয়ামী লীগ আসতে পারে, বিএনপি আসতে পারে।’

ঐক্যফ্রন্টের উদ্দেশ্য বর্ণনা করে মইনুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি হবে আদর্শের ভিত্তিতে। গুজব নয়, গুজবের রাজনীতি করব না আমরা। গুজবের রজানীতি করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বড় বড় কথা বলে, মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে, তারপরে ভুলে যাওয়া এই রাজনীতি নয়। আদর্শের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে।’

ঐক্যফ্রন্ট দেখে সরকার ভয় পেতে শুরু করেছে বলেও দাবি করেন মইনুল। বলেন, ‘সরকার জানে এবার কাজটা এতো সহজ হবে না। কিন্তু তারা যাবার আগে একটা মরণ কামড় দেবে।’

সংগঠনের প্রধান সমন্বয়ক সানাউল হক নীরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাফরুল্লাহ চৌধুরী, আ ব ম মোস্তফা আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031