পুলিশ প্রায় পাঁচ ঘণ্টা আটক রাখার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে। রবিবার রাত ১০টার দিকে টঙ্গী থানা থেকে তিনি মুক্তি পান। তবে তার সঙ্গে আটক অন্য নেতাকর্মীরা ছাড়া পাননি।

টঙ্গী থানায় বিএনপির কেন্দ্রীয় এই নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদও আসেন টঙ্গীতে। তিনি আবদুল্লাহ আল নোমানের সঙ্গে একান্তে কথা বলেন। পরে এসপির নির্দেশেই তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে বিকাল পাঁচটার দিকে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর আবদুল্লাহ আল নোমানসহ ১৫/১৬ জনকে আটক করে পুলিশ। এছাড়া হাসান সরকারের বাসা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের অভিযোগ, তারা নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছিল। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ, পুলিশ হয়রানি করতেই তাদের আটক করে।

রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আটকের নিন্দা জানান এবং অবিলম্বে মুক্তি দাবি করেন।

আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হীরু ঢাকাটাইমসকে জানান, হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে তাকে পুলিশ তুলে নিয়ে যায়। তবে বিএনপির এই নেতাকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল। এর ঠিক নয় দিন আগে রবিবার দুপুরে উচ্চ আদালতের রায়ে এই নির্বাচন স্থগিত হয়ে যায়। এই স্থগিতাদেশে বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং এর পেছনে সরকারের কারসাজি আছে বলে ধারণা করছে দলটি।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031