অমর একুশে বইমেলার তৃতীয় দিন পার হলো মঙ্গলবার বই অনুরাগী, লেখক ও প্রকাশকের বছরজুড়ে প্রতীক্ষা শেষে। তবে রাশি রাশি বইয়ের পসরা সাজিয়ে শুধুই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে। কারণ এখনো জমে উঠেনি বইমেলা। এখন প্রত্যাশা প্রথম শুক্রবারের।

তৃতীয় দিন সন্ধ্যার আলো মিলিয়ে আসতেই পদচারণা বাড়ে। তবে শুধুই পাতা উল্টিয়ে ঘুরে বেরিয়ে চলে যান তারা। লোকসমাগমের এই সময়টায় কিছুটা বিকিকিনি হলেও আশাব্যঞ্জক ছিল না মোটেও।

তবে মেলা না জমে উঠাতে হতাশ নন প্রকাশকরা। বাণিজ্যমেলার সময় দুই দিন বাড়াতে বইমেলা তার চিরচেনা রূপে ফিরে যেতে অপেক্ষা করতে হবে আরও দুদিন। অর্থাৎ ছুটির দিন শুক্রবারের অপেক্ষাতেই রয়েছেন প্রকাশকরা। এখন পর্যন্ত জমে না উঠলেও মেলার সার্বিক পরিবেশ নিয়ে খুশি প্রকাশকরা।

পারিজাত প্রকাশনীতে দায়িত্বরত আনিকা বলেন, এখনো বাণিজ্য মেলা চলছেই। তাই ক্রেতা আশা করাটাও কঠিন। তবে প্রথম শুক্রবার প্রতিবারই আমাদের মূল টার্গেট থাকে। আশা করছি শুক্রবার থেকে মেলা জমে উঠবে।’

আদিগন্ত প্রকাশনের স্বত্বাধিকারী মোশতাক রায়হান বলেন, শুধু জনপ্রিয় লেখক ইনন বইপ্রেমীরা খুঁজছেন নতুন লেখকের বইও।

তিনি আরও বলেন, তবে ক্রেতারা বই কেনার চেয়ে ক্যাটালগ সংগ্রহ করায় বেশি ব্যস্ত। হতে পারে সেখান থেকে যাচাই করে আবারো ফিরবেন এবং কিনবেন বই।’

পারিজাত প্রকাশনী থেকে বের হয়েছে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বই  ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু’। স্বাধীনতার জনক বঙ্গবন্ধু, শেখ হাসিনা-একটি সংগ্রামী জননেত্রীর প্রতিকৃতি, গণতন্ত্র, নেতৃত্ব ও উন্নয়ন, শেখ হাসিনার অসামান্য সাফল্য, বঙ্গজননী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ব্যর্থ জোট শাসন-ব্যর্থ পররাষ্ট্রনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ (১৯৪৯-৯৯)’, শেখ হাসিনা : বাংলাদেশের ভূমিকন্যা’ ইত্যাদি নানা বিষয়কে সন্নিবেশিত করে সংকলিত এই বইটি ইতিমধ্যে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে জানান বইটির প্রকাশক শওকত হোসেন লিটু। প্রচ্ছদ করেছেন মুহাম্মদ মাহাদী হোসেন তুহিন। ৬৭২ পৃষ্ঠার এই বইটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগের তথ্যমতে, মঙ্গলবার মেলার তৃতীয় দিনে নতুন বই প্রকাশ হয়েছে ৮১টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- পাঞ্জেরী থেকে আলম তালুকদারের ‘রূপকথার আজবকথা’, বাংলা একাডেমি থেকে হারুন-অর-রশিদের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কি ও কেন’, আগামী থেকে আবদুল গাফ্ফার চৌধুরীর ‘গান্ধীর দর্শন ও শেখ মুজিবের রাজনীতি, রফিকুল ইসলামের ‘মুক্তিযুদ্ধ সমগ্র’, অন্যপ্রকাশ থেকে সাদাত হোসাইনের ‘মেঘের দিন’, অনন্যা থেকে শামসুর রাহমানের ‘উপন্যাস সমগ্র’ অন্যতম। 

বিকাল ৪টায়  গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অধ্যাপক হারুন-অর-রশিদ রচিত ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব : কী ও কেন’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী।

আলোচনায় অংশ নেন অধ্যাপক এম অহিদুজ্জামান এবং সাংবাদিক মোজাম্মেল বাবু। লেখকের বক্তব্য প্রদান করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930