প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেই এই সফরসূচি চূড়ান্ত করবেন।’

এসময় ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁ ও দেশের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই এসব ঘটানো হয়েছে।’ বৈঠকে দুই দেশের মধ্যে পানি সংরক্ষণের বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরের ১৮-১৯ তারিখে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে এম জে আকবর বলেন, ‘নয়া দিল্লি এই সফরে এবং তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে আছে।’

অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা থাকতে পারে। কিন্তু সেটা বন্ধুত্ব ও সহায়তার সম্পর্কে প্রভাব রাখবে না।’

এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের সহায়তার জন্য ফের ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান। সূত্র: বাসস

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031