প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সেনা ও পুলিশের হাতে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে পৌঁছেছেন ।

মঙ্গলবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার জন্য রওনা হয়েছেন শেখ হাসিনা। এ সময় তিনি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিমসহ আরও অনেকে।

সফরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সার্কিট হাউজে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে চারটার আগে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

২৪ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে উগ্রবাদীদের হামলার অভিযোগ তুলে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। মুসলিমদের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। তাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী তার সফরকালে কাছ থেকে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031