ICT-state_ministerতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব জয় করার প্রযুক্তি বাংলাদেশ থেকে তৈরি হবে বলে ।

তিনি বলেন, ‘বিশ্ব জয় করার প্রযুক্তি তো বাংলাদেশ থেকে তৈরি হবে। সেই স্বপ্ন নিয়ে আমরা হাই স্কুল পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে সাফল্য পাওয়া শুরু করছি। আশা করি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মত দেশব্যাপী ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬। এই ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আগামী ২৪ এপ্রিল রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে আঞ্চলিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী। এ সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘সরকার স্কুল পর্যায় আইসিটি ক্লাব তৈরি করবে। বাংলাদেশের নতুন প্রজন্মের হাত ধরে রচিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মহাকাব্য।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, মোবাইলফোন অপারেটর রবির কমিউনিকেশন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির। তিনি বলেন, ‘রবি সব সময় ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করে। জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা সেই ধারাবাহিকতারই অংশ।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ২৪ এপ্রিল রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব। সকাল ৮টায় জুনাইদ আহমেদ পলক প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মাদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহম্মদ কায়কোবাদ।

উল্লেখ্য, এই আয়োজনের আওতায় ৬৪টি জেলায় ৭০০ হাই স্কুলের দুই লাখের বেশি শিক্ষার্থীর মাঝে প্রচারণামূলক অ্যাক্টিভেশন কার্যক্রম পরিচালনা করা হয়। অন্যদিকে ১৬টি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৮ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া মেন্টরস ট্রেনিং, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম পরিচালনা করা হয়।

আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহে।

প্রতিযোগিতা আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930