বিএনপি নেতা রুহুল কবির রিজভীও বিলুপ্তি দেখছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের যেমন বিরল প্রাণীর মতো তেমনি বিএনপির বিলুপ্তি দেখছেন।

শুক্রবার ওবায়দুল কাদের দলীয় জনসভায় বক্তব্য দেয়ার পরদিন এর প্রতিক্রিয়ায় শনিবার রিজভী করলেন সংবাদ সম্মেলন। আর বললেন, আওয়ামী লীগ অতিকায় ডাইনোসরের মতো বিলুপ্ত হবে।

দশম সংসদ নির্বাচনে ভোট গ্রহণের চার বছর পূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের ট্রেন বিএনপির স্টেশনে থামবে না। এবার যদি মিস করেন, রাজনৈতিক ভবিষ্যৎ ফিনিস হয়ে যাবে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিরল প্রজাতির প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে।’

পরদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ক্ষমতার মসনদে অবাঞ্ছিত অনুপ্রবেশ করে ওবায়দুল কাদের সাহেবরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষমতার নেশায় উন্মার্গগামী হয়েছেন। এজন্য ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনার অন্ধ স্তাবকে পরিণত হয়েছেন।’

আওয়ামী লীগের শেষ দেখছেন জানিয়ে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ন-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারে আপনারা নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকুল থেকে অতি শিগগির অবলুপ্ত হয়ে যাবেন।’

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে সঠিক মন্তব্য মনে করে বিএনপি নেতা বলেন, ‘কাদের সাহেব, দুঃশাসন বিদায়ের সময় চলে এসেছে। প্রতিবাদী জনগোষ্ঠী আজ লুটেরাদের বিরুদ্ধে জেগে ওঠেছে।’

আওয়ামী লীগকে এখন ‘ভাঙা কলসি’ উল্লেখ করে রিজভী বলেন, ‘ভাঙা কলসিই বাজে বেশি।’

ভয় দেখিয়ে, রক্ত ঝরিয়ে, জনগণের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করে ক্ষমতায় থাকার মজাতে জনগণের কথার আওয়াজ এখন আওয়ামী লীগের কানে ঢুকছে না বলেও মন্তব্য করেন রিজভী।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কলঙ্কিত আখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, আবার একইভাবে ক্ষমতায় যেতে মতলববাজী কথাবার্তা বলছেন আওয়ামী লীগ নেতারা।

তবে চার বছর আগের পরিস্থিতি এবার আর হতে দেয়া হবে না জানিয়ে রিজভী বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে পেতে জনগণ  সোচ্চার হয়েছে। নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পেতে জীবনবাজী রেখে সংগ্রাম অব্যাহত রেখেছে।’

আরেকটি ৫ জানুয়ারির মতো নির্বাচন জনগণ এবং বেগম খালেদা জিয়া প্রতিহত করবেন বলেও ঘোষণা দেন রিজভী।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি অনুধাবন করেই ওবায়দুল কাদের হুমকি আর ধমকের পথ অবলম্বন করেছেন বলেও মন্তব্য করেন রিজভী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031