মন্ত্রিসভা ২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সমপ্রদায়ের গুরুত্বপূর্ণ  ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে।

 এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন পড়ে গেছে। চলতি বছরও সরকারি চাকরিজীবীরা ২২ দিন ছুটি পেয়েছেন। এর মধ্যে ১০ দিন পড়েছে শুক্র ও শনিবার। শফিউল আলম বলেন, আগামী বছরের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ২৯শে এপ্রিল বৌদ্ধ পূর্ণিমা, ১লা মে- মে দিবস, ১৫ই জুন জুমাতুল বিদা, ১৬ই জুন ঈদুল ফিতর, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, ২২শে আগস্ট ঈদুল আজহা, ২রা সেপ্টেম্বর জন্মাষ্টমী, ১৯শে অক্টোবর দুর্গাপূজা, ২১শে নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ, ২রা মে শবেবরাত, ১২ই জুন শবেকদর, ১৫ ও ১৭ই জুন ঈদুল ফিতরের আগের ও পরের দিন, ২১ ও ২৩শে আগস্ট ঈদুল আজহার আগের ও পরের দিন এবং ২১শে সেপ্টেম্বর আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর আগে বৈঠকের শুরুতে অনির্ধারিত আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মার্কিন সাময়িকী ফোর্বসে ১লা নভেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ার ফুল উইম্যান ইন ২০১৭’-এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ার ফুল উইম্যান (ক্ষমতাধর নারী) হিসেবে দেখানো হয়। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীকে এর আগের বছর ৩৬তম অবস্থানে দেখানো হয়েছিল।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031