একযোগে ৩৮ জনকে বদলি করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা থেকে। এদের মধ্যে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমানও আছেন। এছাড়া আরও তিনজন এসিকেও বদলি করা হয়েছে। মঙ্গলবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

সোমবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকা করে এক আসামি পালিয়ে যায়। ঘটনার পরই পুলিশ কমিশনার ডিবি কার্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার ও এক সেন্ট্রিকে প্রত্যাহার করেন। মঙ্গলবার পর্যন্ত পালিয়ে যাওয়া ওই আসামি ধরা পড়েনি।

এরই মধ্যে তিনি ডিবি কার্যালয়ের ৩৮ জনকে বদলির আদেশ দিলেন। ডিবি পুলিশের এসি হাবিবুর রহমান ছাড়াও বদলি করা হয়েছে পাঁচজন উপ-পরিদর্শক (এসআই), ছয়জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ২৬ জন কনস্টেবল। এই ৩৮ জন ছাড়াও আরএমপির ক্রাইম ইউনিটের এসি সোনিয়া পারভীন, লজিস্টিকিস বিভাগের এসি উদয় কুমার সাহা এবং রাজপাড়া জোনের এসি রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক যোগদানের পরই প্রত্যেকটি বিভাগে আমূল পরিবর্তন এনে আরএমপিকে গতিশীল এবং একটি যুগোপযোগী কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে চারজন এসিকে রদবদল করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগকে গতিশীল এবং কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে এসিসহ একযোগে সেখানকার ৩৮ জনকে বদলি করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930