মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান আগামী বিজয় দিবসের আগে রাজাকারের আংশিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন । তিনি বলেছেন, এরই মধ্যে তারা এ-সংক্রান্ত কাজ শুরু করেছেন।

আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী। তিনি রাজাকার তালিকা তৈরিসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক।

গত বছরের বিজয় দিবসের আগে ১৫ ডিসেম্বর রাজাকার-আলবদরদের একটি তালিকা প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ওই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম থাকায় সমালোচনার মুখে তিন দিন পর ১৮ ডিসেম্বর তা স্থগিত করা হয়। এবার আবার নতুন করে তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

তালিকা তৈরির জন্য আগামী দিন দশেকের মধ্যে সংশ্লিষ্ট কমিটি সভায় বসবে জানিয়ে শাজাহান খান বলেন, ‘আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। কিছু তালিকা সংগ্রহ করেছি। আশা করছি ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিক তালিকা প্রকাশ করব। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

তালিকা তৈরির প্রক্রিয়া সম্পর্কে সংসদীয় কমিটির সভাপতি বলেন, এ-সংক্রান্ত উপকমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা সংসদ সদস্যদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান আছেন, তাদের নিয়ে কাজ করবেন। আরও তথ্য নেয়া হবে যুদ্ধকালীন কমান্ডার এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে।

এদিকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখারুল ইসলাম খানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের সংসদীয় সাবকমিটি গঠন করা হয়েছে আজকের বৈঠকে। শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন কাজী ফিরোজ রশীদ ও মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী।

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানা দুর্নীতির অভিযোগি এনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংগঠন এবং একজন মুক্তিযোদ্ধার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সাবকমিটি গঠন করা হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930