সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে তিন পার্বত্য জেলায় সরকার রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণ করছে বলে । গতকাল সোমবার জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। খবর বাংলানিউজের।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাসন্তী চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কাপ্তাই লেককে মাছ চাষের জন্য অধিক উপযোগী করে গড়ে তোলা, জনগণের যাতায়াত সুবিধা এবং পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় রেললাইন স্থাপনসহ পার্বত্য জেলার যেকোনো উপযুক্ত স্থানে ছোট পরিসরে একটি বিমানবন্দর নির্মাণ, তিন পার্বত্য জেলায় হাউজিং প্রকল্প গ্রহণসহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটি বিস্তারিত আলোচনা করে। এছাড়া ১ম বৈঠক থেকে ৩য় বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে একটি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) গ্রহণ করেছে এবং গৃহীত মহাপরিকল্পনার আওতায় তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

তিন পার্বত্য জেলার যেসব জমি ব্যক্তি পর্যায়ে বনায়ন করার জন্য লিজ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত বনায়ন করা হয়নি, সেই লিজকৃত জমির বর্তমান অবস্থা কমিটিকে অবহিত করার জন্য আগামী বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটি তিন পার্বত্য জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসভবন-কোয়ার্টার নির্মাণ এবং পরিকল্পিত হাউজিং এর প্রকল্প গ্রহণসহ পার্বত্য জেলায় বিদ্যুতায়নের ওপর গুরুত্বরোপ করে পার্বত্য জেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশ করে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930