চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) “নিরাপত্তাই আস্থার ঠিকানা” এ শ্লোগানকে ধারন করেই ৩৯ বছরে পা রাখল।

বুধবার বিকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে কেক কেটে সিএমপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে বিশিষ্ট কয়েকজন নাগরিককে সংবর্ধনা দেয় সিএমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক আইজপি নুরুল হুদা, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, সাবেক সিএমপি কমিশনার ওসমান আলী খানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কুটনৈতিকগন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পুলিশ আইজিপি বলেন,  উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু সেটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জঙ্গিবাদ, মাদক পুলিশ একা প্রতিরোধ করতে পারবে না। জনগণের সর্বাত্মক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কোন কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব না। এজন্য পুলিশকে জনগণের কাছ থেকে দূরত্ব কমাতে হবে। জনগণের সাথে পুলিশের দূরত্ব যত কমবে, মানুষ তত বেশি সেবা পাবে। অন্যদিকে পুলিশও উপকৃত হবে।

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি বলেন, চট্টগ্রামে আমি দীর্ঘদিন ছিলাম। চট্টগ্রামের মানুষ আইন মেনে চলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা শ্রদ্ধা করে। ৩৮ বছরে সিএমপি অনেক সম্প্রসারণ হয়েছে। শুরুতে ৬টি থানা ছিল, এখন ১৬ টি। নগরীতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ আরও অনেককিছু। যাতে পুলিশ দ্রুত সিদ্ধান্ত ও সেবা দিতে পারে। রংপুর ছাড়া প্রত্যেক বিভাগীয় শহরে মহানগর পুলিশ আছে। মহানগর পুলিশের অনেক সাফল্য আছে।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীর আয়তন এবং লোকসংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম হলেও কাজে এর কোন প্রভাব আমরা দেখি না। পুলিশ নগরীর জনগণকে সেবা দেয়ার জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছে। পুলিশ সেবার ক্ষেত্রে আন্তরিক হলে জনগণও ঐক্যবদ্ধভাবে পুলিশের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, প্রতিষ্ঠার সময় চট্টগ্রাম নগরীতে ৪০০ জনের বিপরীতে একজন পুলিশ ছিল; এখন এক হাজার ৫০ জনের বিপরীতে একজন পুলিশ।জনপ্রত্যাশা পূরণে আমরা আপ্রাণ চেষ্টা করছি। জনগণের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, অধ্যাপক জিনো বোধী ভিক্ষুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরিক সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সিএমপি। রাতে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠের একপাশে স্টল বানিয়ে পুলিশের অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান স্টল বানিয়ে তাদের হস্তজাত পণ্য বিক্রির পসরা সাজিয়ে বসেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930